ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ লড়াই বাকি। রোববার (৮ মার্চ) ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল।

কয়েক সপ্তাহের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার পর কে শিরোপা জিতবে, তা জানার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। তবে প্রশ্ন উঠছে—ফাইনালে যদি বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কীভাবে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ফাইনালের দিনে বৃষ্টির সম্ভাবনা খুব কম। তবুও ক্রিকেটে আবহাওয়া সবসময়ই অনিশ্চিত। তাই ম্যাচটি বৃষ্টিতে বিঘ্নিত হলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে।

ফাইনালে ওয়াশআউট এড়াতে অতিরিক্ত ১২০ মিনিট সময় যোগ করা হবে, যাতে দুই দল অন্তত ১০ ওভার করে ব্যাটিং করার সুযোগ পায়। নকআউট ম্যাচে ফল নির্ধারণের জন্য ডাকওয়ার্থ লুইস মেথড প্রয়োগ করতে এটিই ন্যূনতম ওভারের শর্ত।

যদি নির্ধারিত দিনে ম্যাচ শেষ করা সম্ভব না হয়, তাহলে পরদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। সেক্ষেত্রে আগের দিন যেখানে খেলা থেমেছিল, সেখান থেকেই ম্যাচ আবার শুরু হবে।

অন্যদিকে ম্যাচ যদি টাই হয়, তাহলে ফল নির্ধারণে সুপার ওভার হবে। তবে বিরল পরিস্থিতিতে যদি রিজার্ভ ডেতেও খেলা শেষ করা না যায়, তাহলে নিয়ম অনুযায়ী দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। মানে নিউজিল্যান্ড ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। আইসিসি ফাইনালে এর আগে একবার যৌথ চ্যাম্পিয়নদের দেখা গিয়েছিল। ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির কারণে নির্ধারিত ফাইনাল ও রিজার্ভ ডে ভেস্তে গেলে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে বিজয়ী হয়েছিল।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত