দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক: প্রতিমন্ত্রী

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশে সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে। সরকার পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সাশ্রয় ও সরবরাহ বজায় রাখতে ব্যবস্থা নিয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসব কথা বলেন।

এ সময় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ও ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, তেল নিয়ে আতঙ্কের কিছু নেই, সবাই তেল পাচ্ছে। সরবরাহ ও মজুত ঠিক আছে, সিস্টেমের মধ্যেই রয়েছে। হয়তো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি বরং ভর্তুকি দিয়ে অতিরিক্ত দামে তেল কিনে এনে সরবরাহ দিচ্ছে। সাধারণ মানুষ কষ্টে না পড়ার জন্য এ খাতে আগামী জুন পর্যন্ত সরকারের ব্যয় হবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা।

তিনি আরও বলেন, মহাস্থান মোকামতলা এলাকায় একটি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কাজে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও কৃষি মন্ত্রণালয় কাজ করছে। 

বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বহাল থাকবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় এটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার চিন্তা করা হচ্ছে। সেখানে কৃষি, প্রকৌশল ও চিকিৎসা বিষয়ে শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

গাক চক্ষু হাসপাতালের সিনিয়র পরিচালক ড. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন, গাক চক্ষু হাসপাতালের পরিচালক ডা. এইচএসএম. রেজাউন্নবী মণ্ডল, উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন, সহকারী পরিচালক জিয়া উদ্দিন সরকার, মিল্কভিটার পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত